পদ্মা সেতু বাংলাদেশের নেতৃত্বের আরেক উদাহরণ: মার্কিন দূতাবাস

আপডেট : ২৫ জুন ২০২২, ০৪:০০

বহুলপ্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন আজ। এই বিশাল অর্জনে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ঢাকায় মার্কিন দূতবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ্মা সেতু উদ্বোধনের আগ মুহূর্তে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সেতু দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সংযোগ স্থাপনে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি উদাহরণ। মানুষ ও পণ্যকে দক্ষতার সঙ্গে সংযুক্ত করার জন্য টেকসই পরিবহন অবকাঠামো নির্মাণ অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উত্সাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু বাংলাদেশের ভেতরে নতুন ও গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করবে। একই সঙ্গে ব্যবসাবাণিজ্যের বৃদ্ধি হবে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

এদিকে বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেছেন, পদ্মা সেতু বঙ্গোপসাগর অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করবে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, সেতুটি বাংলাদেশিদের বঙ্গোপসাগর অঞ্চলে আরো কার্যকরভাবে সংযোগ বৃদ্ধি এবং এতদঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করার কাজটি সহজ করে তুলবে। পদ্মা সেতু বাংলাদেশিদের দ্বারা বাংলাদেশিদের জন্য একটি বড় অর্জন এবং সব বাংলাদেশির জন্য এটা গবের্র বিষয়। তিনি সব অস্ট্রেলিয়াবাসীর পক্ষ থেকে বাংলাদেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানান।

ইত্তেফাক/এএইচপি