পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করতে লঞ্চযোগে উদ্বোধনস্থলে যাবেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। রাত ১টায় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জামাল-০৮ যোগে অনুষ্ঠানস্থলে পৌছানোর কথা রয়েছে তাদের। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতা-কর্মী, বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকরা এ লঞ্চে করে যাবেন। ছাত্রলীগের দপ্তর সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
আরও জানানো হয়, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতা ও বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যাওয়া আসার জন্য একটি বড় লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু সমাবেশস্থলে কয়েক লাখ লোকের সমাবেশ ঘটবে, তাই সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা, সবার নিরাপত্তার কথা বিবেচনা করে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘পদ্মা সেতু বাংলার ১৮ কোটি মানুষের স্বপ্নের সেতু। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার হাত ধরে বাঙালির এ স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। সারাদেশে মানুষ এদিনের জন্য মুখিয়ে ছিল। আজকের এ দিনে ছাত্রলীগের নেতা-কর্মীদের সেতু উদ্বোধনস্থলে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি।’
