পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দ্বীপ জেলা ভোলাতেও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শনিবার (২৫ জুন) সকালে ভোলা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা বেড় হয়।
শোভাযাত্রায় ভোলা জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা সিভিল সার্জেন অফিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল ডিসপ্লেতে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন সবাই।
'পদ্মা সেতুর উদ্বোধন, দেশবাসীর স্বপ্ন পূরণ'- এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, ভোলা জেলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভোলা জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলীল, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলামসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর সকাল ১০টায় সরকারি স্কুল খেলার মাঠে স্থাপিত মঞ্চে বড়পর্দায় সরাসরি উদ্বোধনী অনুষ্ঠানটি উপভোগ করা হয়।একই সময়ে বেলুন, ফেস্টুন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করে জেলা প্রশাসন। সন্ধ্যা ৬টায় একই মাঠে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, সন্ধ্যায় জনপ্রিয় শিল্পীদের নিয়ে আনন্দ কনসার্ট অনুষ্ঠিত হবে। রাত ৮টায় বর্ণিল আতশবাজির মাধ্যমে অনুষ্ঠানের শেষ হবে।
জেলা তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, বাংলাদেশের অহংকার-গৌরবের প্রতীক স্বপ্নের পদ্মা সেতু। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধাননমন্ত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতুর উদ্বোধন একটি স্বপ্নের উন্মোচন। এই সেতু উদ্বোধনের ফলে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের যোগাযোগের দীর্ঘদিনের দুর্ভোগ ছিলো তা থেকে মুক্ত পেলো। বঙ্গবন্ধু দিয়ে গেছেন স্বাধীনতা তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দিলেন উন্নয়ন। তার কাছে আমরা ভোলার মানুষ কৃতজ্ঞ। তারই নেতৃত্বে সারাদেশে আজ উন্নয়নের গণ-জোয়ার শুরু হয়েছে তার এই নেতৃত্বে আমরা সকলে এক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবো।
