রংপুরে বিনোদন কেন্দ্র ভিন্নজগতের সুইমিংপুলে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০১৯, ১৪:৫৯

রংপুরের বিনোদন কেন্দ্র ভিন্নজগতের সুইমিংপুলে গোসল করতে নেমে পানিতে ডুবে আট (৮) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তানবীর নামে ওই শিশু তার মামা সাঈদের সঙ্গে সুইমিংপুলে গোসল করতে নেমেছিল।

 

শনিবার বিকেলে মৃত্যুর ঘটনাটি ঘটলেও রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিষয়টি জানাজানি হয়।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর শালবন এলাকার বাবলু মিয়ার মেয়ে লায়লা বেগম ঈদ করতে বাবার বাড়িতে আসেন। শনিবার বিকেলে ছেলে ও ভাইকে সঙ্গে নিয়ে ভিন্নজগত বেড়াতে যান তিনি। সেখানে মামা সাঈদের সঙ্গে তানবীর সুইমিংপুলে গোসল করতে নামে। একপর্যায়ে পানির গভীরতায় ডুবে নিখোঁজ হয় তানবীর। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় লোকজন সুইমিংপুল থেকে শিশু তানবীরকে উদ্ধার করে। পরে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গঙ্গাচড়া মডেল থানার ওসি মশিউর রহমান জানান, শিশুটি তার মামার সঙ্গে বড়দের সুইমিংপুলে গোসল করতে নেমেছিল। পানির গভীরতা বেশি ছিল, যার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

 

ইত্তেফাক/এএম