ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ শিক্ষার্থীরা।
রবিবার (২৬ জুন) সকাল ৮টা থেকে কলেজের প্রধান ফটকের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
কলেজছাত্র সংসদের সাধারণ সম্পাদক সাজীবুল হাসান সাজীব জানান, ভর্তি বিজ্ঞপ্তিতে ডিভিএম ডিগ্রি দেওয়ার কথা থাকলেও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিএসসি ভেট সাইন্স এবং এএইচএস ডিগ্রি প্রদান করার চেষ্টা করছে। কলেজটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। তাতে শিক্ষার্থীদের আগামীতে চাকরির ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। তাই তারা ডিভিএম ডিগ্রির দাবি জানিয়েছেন।
এর আগে তারা মানববন্ধন, সড়ক অবরোধ, খুলনা প্রাণি সম্পদের বিভাগের কর্মকর্তাকে অবরুদ্ধ করেন।
ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ ডা. আতাউর রহমান ভুঁইয়া জানান, তিনি ছাত্রছাত্রীদের আন্দোলনের বিষয়ে প্রাণি সম্পদ অধিদফতরের মহাপরিচালককে জানিয়েছেন।

তেলের দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্য সচিব