পদ্মা সেতুর টোল প্লাজায় সারি-সারি মোটরসাইকেল

আপডেট : ২৬ জুন ২০২২, ১৯:১২

রবিবার (২৬ জুন) সকাল ৬ টা থেকে পদ্মা সেতুতে শুরু করেছে সব ধরণের যানবাহন চলাচল। এরই মধ্যে সারাদিন জুড়েই জাজিরা ও মাওয়া প্রান্তের টোল প্লাজায় ছিল অসংখ্য যানবাহনের চাপ। যেখানে অন্যান্য যানের তুলনায় মোটরসাইকেলের সংখ্যাই বেশি। এমন পরিস্থিতিতে টোল প্লাজায় সেতু পারের অপেক্ষায় সারি-সারি মোটরসাইকেল।

শিমুলিয়া প্রান্ত থেকে আসা মিন্টু সরকার বলেন, এটি স্মরণীয় দিন। পদ্মা সেতু পাড় হয়ে আসার অনুভূতি প্রকাশ করার মতো না। সেতুর উপর দিয়ে যখন আসছি মনে হয়েছে যেন বিশ্ব জয় করে এলাম। 

টোল ম্যানেজার কামাল হোসেন বলেন, আমরা সকাল ৬টা থেকে টোল আদায়ের মাধ্যমে সেতুতে যানবাহন চলাচল শুরু করেছি। ৬টি টোল ঘর থেকে এই টোল নেওয়ার কার্যক্রম চলছে। কিন্তু মোটরসাইকেলে প্রচুর চাপ রয়েছে। আমরা হিমশিম খাচ্ছি, স্থানীয় প্রশাসন আমাদের সাহায্য-সহযোগিতা করছে। আমরা চাচ্ছি নিরবিচ্ছিন্নভাবে টোল কার্যক্রম পরিচালনা করে যেতে।

এর আগে গতকাল শনিবার (২৫ জুন) বেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে নির্ধারিত টোল পরিষদ করে মুন্সিগঞ্জের শিমুলিয়া শরীয়তপুরের জাজিরা প্রান্তে আসেন।

পদ্মা সেতু পারাপারে সরকার নির্ধারিত টোল হার অনুযায়ী, পদ্মা সেতু পারাপারে মোটরসাইকেলে ১০০ টাকা, কার ও জিপে ৭৫০ টাকা, পিকআপে এক হাজার ২০০ টাকা, মাইক্রোবাসে এক হাজার ৩০০ টাকা টোল পরিশোধ করতে হবে। বাসের ক্ষেত্রে ছোট বাস (৩১ আসন) এক হাজার ৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) দুই হাজার টাকা, বড় বাস (থ্রি-এক্সেল) প্রতি দুই হাজার ৪০০ টাকা, ট্রাককে (পাঁচ টন পর্যন্ত) এক হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাকে (পাঁচ টনের বেশি ও সর্বোচ্চ আট টন পর্যন্ত) দুই হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ টনের বেশি ও সর্বোচ্চ ১১ টন) দুই হাজার ৮০০ টাকা, ট্রাকে (থ্রি-এক্সেল পর্যন্ত) পাঁচ হাজার ৫০০ টাকা, ট্রেইলার (ফোর-এক্সেল পর্যন্ত) ছয় হাজার টাকা টোল দিতে হবে।

ইত্তেফাক/এমএএম