নরসিংদী রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন নামক সড়কটি দীর্ঘ প্রায় দুই বছর ধরে সংস্কারের নামে খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখা হয়েছে। রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পেড়েছে। এতে নিত্য ভোগান্তি পোহাতে হচ্ছে শত শত কৃষক ও আশপাশের ৮/১০ গ্রামের শিক্ষার্থীদের। দীর্ঘদিনেও রাস্তাটি সংস্কার না হওয়ায় এলাকাবাসী গত বৃহস্পতিবার রাস্তার ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন।
জানা যায়, আনুমানিক দুই বছর পূর্বে রাস্তাটি পাকাকরণের জন্য খোঁড়া হয়। এরই মধ্যে সীমানাসংক্রান্ত সমস্যা দেখা দিলে রাস্তার কাজ বন্ধ হয়ে যায়।
উত্তর বাখরনগর ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব বলেন, রাস্তাটি আশপাশের ৮/১০ গ্রামবাসীর প্রধান আঞ্চলিক সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে। দীর্ঘ দুই বছর ধরে রাস্তাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে।
এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না জানান, সীমানাসংক্রান্ত জটিলতার কারণে ট্রেন্ডার বাতিল করা হয়েছে। বর্তমানে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সীমানাসংক্রান্ত কোনো জটিলতা নেই মর্মে একটি প্রত্যয়ন প্রদান করেছেন। আশা করছি, এ মাসের শেষের দিকেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
