ফতুল্লায় কিশোর গ্যাং সদস্যরা সাকিব (১৪) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। গত শনিবার গভীর রাতে ফতুল্লার রেল স্টেশন এলাকায় শুভর দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাকিব ফতুল্লা রেল স্টেশন এলাকার মারুফের বাড়ির ভাড়াটিয়া নাসিমা বেগমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত কয়েক জন কিশোরের সঙ্গে সাকিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাকিব তাদের মারধর করলে তাদের মধ্যে এক জন তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নিহতের মা নাসিমা বেগম জানান, লোকমুখে খবর পেয়ে শুভর দোকানের সামনে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় সাকিব মাটিতে কাতরাচ্ছে। এ সময় সাকিবকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, সাকিব আর তার বড় ভাই রাকিব রেল স্টেশন এলাকায় সিলভার কারখানায় কাজ করে। তার বাবা রুবেল শেখ কয়েক বছর আগে মারা যায়। এরপর বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে রাকিব ও সাকিবকে বড় করেন তিনি। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন তিনি। পরে রবিবার ভোরে সাকিব হত্যার ঘটনায় জড়িত দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে।
