গোবিন্দগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ

আপডেট : ০৯ জুন ২০১৯, ১৮:১৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে আসিফ মিয়া (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ আসিফ মিয়া ফকিরগঞ্জ গ্রামের পলাশ মিয়ার ছেলে ও কাটাবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্বজন ও স্থানীয়রা জানান, আসিফ বাড়ির পাশে করতোয়া নদীতে গোসল করার এক পর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর থেকেই স্থানীয়রা তাকে খোঁজ করতে থাকে। খবর পেয়ে উদ্ধার চেষ্টা চালায় গোবিন্দগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার শর্মা বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ কিশোর আসিফকে উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীরা সর্বাত্বক চেষ্টা চালাচ্ছে। তবে রবিবার বিকেল ৪টা পর্যন্ত কিশোর আসিফকে উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, নদীতে পানি কম থাকলেও বেশ কিছু বড় গর্ত রয়েছে। ধারণা করা হচ্ছে কোন গর্তে ডুবে গেছে আসিফ।

আরও পড়ুন: টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রবাসী নিহত

এলাকাবাসীর অভিযোগ, নদীতে পানি কম থাকলেও অবৈধ বালু উত্তোলনের কারণে নদীতে অসংখ্য চোরা গর্তের সৃষ্টি হয়েছে। পানিতে ডোবার পর আসিফ কোন চোরা গর্তে ডুবে থাকতে পারে। ফলে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যাচ্ছে না।

ইত্তেফাক/নূহু