জুলাইয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের পেছনে একঝাঁক ফাস্ট বোলার লেলিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগা-কিংস্টনে ক্যারিবিয়ানদের পেসারদের তোপে পড়ে টেস্ট সিরিজে ২-০ তে হেরেছিল বাংলাদেশ। কয়েক মাসের ব্যবধানে উইন্ডিজদের একই রকম তিক্ত অভিজ্ঞতা ফিরিয়ে দেয়ার মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ।
অস্ত্রের ভিন্নতা থাকলেও ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে ধবলধোলাই করার খুব নিকটেই আছে সাকিব আল হাসানের দল। চট্টগ্রামের স্পিন জাদুতে সফরকারীদের নাকাল করে তিন দিনেই ৬৪ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা। এবার মিরপুরেও ফর্মুলা একই থাকছে। স্পিন আক্রমণকে পুঁজি করেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল সাড়ে নয়টায়।
উইন্ডিজদের বিরুদ্ধে দেশের মাটিতে প্রথম ও মোট দ্বিতীয়বার সিরিজ জয়ের সুযোগ সাকিবদের সামনে। ২০০৯ সালে সাকিবের নেতৃত্বে খর্বশক্তির ক্যারিবিয়ানদের ২-০ তে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। নয় বছর পর ঘরের মাঠে একই ব্যবধানে জয়ের আশায় মিরপুরে আজ খেলতে নামবে টাইগাররা।
১-০ তে এগিয়ে থাকায় সিরিজে হারের সুযোগ নেই বাংলাদেশের। এই অবস্থান থেকে হয় জয় বা সিরিজ ড্র করতে পারে স্বাগতিকরা। গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব বলেছেন, সিরিজ জেতাই বাংলাদেশের চূড়ান্ত টার্গেট। তবে ২-০ তে সিরিজ জেতার জন্য মুখিয়ে বাংলাদেশ।
জয়ের জন্যই খেলবেন জানিয়ে সাকিব বলেছেন, ‘অবশ্যই জেতার জন্য খেলব আমরা। যদি ওইরকম কোন অবস্থা আসে যেখানে হয়তো ড্র করার সম্ভাবনা আছে, তখন সেটা চেষ্টা করা যেতে পারে। তবে প্রথম টার্গেট অবশ্যই জেতার জন্য খেলা।’
অধিনায়ক সাকিবের মতে, ২-০ তে সিরিজটা বগলদাবা করা হবে ‘বিশেষ কিছু।’ দল হিসেবে বাংলাদেশও প্রস্তুত প্রতিপক্ষকে স্পিনে বিধ্বস্ত করতে। সাকিব বলেছেন, ‘বাংলাদেশের জন্য বিশেষ কিছু হবে যদি আমরা মনে করি ২-০ তে জিততে পারি। আমরা চাই ২-০ তে জিততে। তার জন্য যা কিছু করা দরকার, যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার আমরা সেভাবেই নিচ্ছি। যদি সেটা কোনোভাবে না হয় তাহলে আমাদের অবশ্যই লক্ষ্য যেন ১-০ তে সিরিজ জিতি, কারণ চূড়ান্ত লক্ষ্য সিরিজ জেতা। কিন্তু আমরা রক্ষণাত্মকভাবে সিরিজটা জিততে চাই না। আমরা চাই ইতিবাচক মানসিকতা নিয়ে সিরিজটা জিতি এবং ২-০ তে জিতি।’
মিরপুর টেস্টে আজ বাংলাদেশের একাদশে থাকছে দুটি পরিবর্তন। বিসিবির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজ টেস্টে অভিষেক হয়ে যাচ্ছে সাদমান ইসলাম অনিকের। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও খেলবেন না। তার জায়গায় খেলবেন ডানহাতি দ্রুতগতির পেসার খালেদ আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট অবশ্য বলেছেন, দল হিসেবে মিরপুরে ঘুরে দাঁড়াতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ। এমনকি সিরিজে পিছিয়ে থাকায়ও বাড়তি কোনো চাপ নেই তাদের উপর।
ইত্তেফাক/আরকেজি
