হাবিপ্রবিতে হাজী মোহাম্মদ দানেশের মৃত্যুবার্ষিকী পালিত 

আপডেট : ২৮ জুন ২০২২, ১৬:৫৭

ঐতিহাসিক তেভাগা আন্দোলনের জনক কৃষক নেতা মরহুম হাজী মোহাম্মদ দানেশ এর ৩৬তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (২৮ জুন)। তার নামেই উত্তরবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নামকরণ করা হয়েছে। 

দিনটি উপলক্ষ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে হাবিপ্রবি প্রশাসন। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জুন) সকাল ১১টায় দিনাজপুরের গোড়-এ-শহীদ বড় ময়দান সংলগ্ন জামে মসজিদর পাশে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চদ্র হালদারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে হাবিপ্রবি প্রশাসন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, প্রক্টর অধ্যাপক ড. মো.মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

নিজ গ্রামে শৈশবে লেখাপড়ার হাতেখড়ি হলেও সেতাবগঞ্জ থেকে প্রবেশিকা, রাজশাহী কলেজ থেকে আই.এ ও বি.এ পাস করেন। পরবর্তীতে ভারতের উত্তর প্রদেশে আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ ও আইনে বি.এল ডিগ্রী লাভ করেন। ঠাকুরগাঁও আদালতে প্রথম উকিল হিসেবে কর্মজীবন শুরু করেন হাজী মোহাম্মদ দানেশ। 

রাজনৈতিক জীবনে হাজী মোহাম্মদ দানেশ ১৯৩০ এর দশকে বাংলার কমিউনিস্ট সংগঠনে সক্রিয় হন। তেভাগা আন্দোলনে অংশ নেয়ার জন্য ১৯৩৮ সালে তিনি পরপর দুইবার গ্রেপ্তার হন। ১৯৩৮ থেকে ১৯৪২ সাল পর্যন্ত তিনি তোলাবাটি আন্দোলন, সুসংদবদ্ধ আন্দোলন, গান্ডি আদায় বন্ধ আন্দোলন, ‘জাল যার জলা তার’ আন্দোলন করেন ও গ্রেফতার হন।

এরপর, ১৯৫৮ সালে সামরিক আইন জারির পর আইয়ুব খানের সামরিক সরকার কর্তৃক গ্রেফতার হন তিনি। 

সবশেষে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে তিনি জাতীয় গণমুক্তি ইউনিয়ন গঠন করেন। বাকশাল ছাড়া অন্যসব রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার পর তিনি বাকশালে যোগ দেন ও এর কেন্দ্রীয় কমিটির সদস্য হন। ১৯৭৬ সালে তিনি গণমুক্তি ইউনিয়ন পুনরায় গঠন করেন। পর ১৯৮০ সালে গণতান্ত্রিক পার্টি নামক দল গঠনের জন্য ইউনিয়ন বিলুপ্ত করেন। ও ১৯৮৬ সালে গণতান্ত্রিক পার্টিকে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টির সাথে যুক্ত করা হয়।  

ইত্তেফাক/এআই