স্পোর্টস ডেস্ক
লোকি ফার্গুসনের শর্ট বলে ডাক করতে গিয়েছিলেন, শেষ রক্ষা হয়নি। বল হেলমেটে লেগে বোল্ড হয়ে গেছেন রশিদ খান। এর চেয়েও বড় ব্যাপার হলো মাথায় আঘাত পাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর বোলিংটা করতেই পারেননি সময়ের অন্যতম সেরা এই লেগ স্পিনার। ফলে ১৭২ রানের সামান্য লক্ষ্যটা আরো সহজ করে সাত উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে নিউজিল্যান্ড। টানা তিন জয় নিয়ে এখন তারাই বিশ্বকাপের পয়েন্ট টেবিলে আছে সবার ওপরে।
শুরুতেই দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে উইলিয়ামসন ও রস টেইলরের শতরানে ভর করে ১৭ ওভারের বেশি হাতে রেখেই জয়ের জন্য ১৭৩ রানে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ব্যক্তিগত ২২ রানে একবার জীবন পেয়ে শেষ পর্যন্ত দলের সর্বোচ্চ ৭৯ রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন। ৯৯ বলের ইনিংসে নয়টি বাউন্ডারি হাঁকান তিনি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন টেইলর। ৫২ বল মোকাবেলায় ছয়টি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে আফতাব আলমের তৃতীয় শিকার হন তিনি। নিউজিল্যান্ডের পতন হওয়া তিন উইকেটের সবকটিই শিকার করেন আফতাব। তবে আফগানিস্তানের জন্য আশার ব্যাপার হলো রশিদকে নিয়ে কোনো ঝুঁকি নেই। ম্যাচ শেষে অধিনায়ক গুলবাদিন নাইব জানিয়েছেন, অভিজ্ঞ এই স্পিনার এখন সুস্থ আছেন। তিনি বলেন, ‘ও এখন সুস্থ আছে। আগের চেয়ে এখন অনেক ভালো আছে। আফগানরা খুব শক্ত হয়।’
লোকি ফার্গুসনের বলটা এসেছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে। ফলে নিজেকে সামাল দিতে পারেননি রশিদ। ডাক্তার আপাতত তাকে বিশ্রামে রেখেছেন। ২০ বছর বয়সী রশিদ টি-টোয়েন্টি ফরম্যাটের একনম্বর বোলার। অন্যদিকে ওয়ানডে বোলারদের র্যাংকিংয়েও তিনি সেরা তিনে আছেন। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পেয়েছেন তিন উইকেট। তাই মোহাম্মদ শাহজাদের মতো রশিদও বিশ্বকাপ থেকে ছিটকে গেলে বড় বিপদেই পড়তে হতো আফগানদের। সেটা হয়নি, এটা স্বস্তির কারণ। যদিও দলীয় পারফরম্যান্সে স্বস্তির কোনো কারণ নেই আফগানদের।
আট দিনের মধ্যে তিনটি ম্যাচ হেরে আফগানিস্তানের শেষ চারে ওঠার স্বপ্ন এখন অনেকটাই ম্লান। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচের আগে সপ্তাহ খানেকের ছুটি পাচ্ছে দলটি। ছুটির পর ফিরে অন্ত দুই-তিনটা ম্যাচে জয় চায় আফগানরা।
দলের বর্ষীয়ান ফাস্ট বোলার হামিদ হাসান বলেন, ‘আমাদের শেষ ছয় ম্যাচের মানসিকতা এই সময়ের মধ্যে ঠিক করে ফেলতে হবে। অন্তত আমরা দুই-তিনটা ম্যাচে জয় নিয়ে ফিরতে পারি। আমরা ইতিবাচক মানসিকতা ধরে রাখতে চাই। আমরা বিশ্বকাপের শেষ বল অবধি লড়বো।’
