বগুড়া লেখক চক্রের কবিআড্ডা ও আবৃত্তি অনুষ্ঠিত

আপডেট : ০১ জুলাই ২০২২, ২২:০০

বগুড়া লেখক চক্রের কবিতাভ্রমণ, আবৃত্তি ও কবিআড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ জুলাই) বগুড়া সদরের মানিকচক উচ্চ বিদ্যালয়ে এ আড্ডা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা চেয়ারম্যান মো. আবু সুফিয়ান সফিকের আমন্ত্রণে ও সার্বিক ব্যবস্থাপনায় এবং বগুড়া লেখক চক্রের আয়োজনে দিনব্যাপী চলে এই আড্ডা।

ওই বিদ্যালয়ে কলার পাতায় আলুঘাটির মাধ্যমে কবি লেখকদের বরণ করা হয়। কবি আড্ডায় সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি প্রাবন্ধিক শিবলী মোকতাদির এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান মো. আবু সুফিয়ান সফিক। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। 

প্রাবন্ধিক এস এম আনিছুর রহমানের সঞ্চালনায় আড্ডায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের সাবেক সভাপতি কবি প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, বিআইআইটি এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, শিক্ষক মাহবুবা খানম লিপি ও কথাসাহিত্যিক হোসনে আরা মনি। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, এম আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান, নাট্যজন শফিকুল ইসলাম বিপুল ও ছড়াকার রতন খান। 

আড্ডায় বৃন্ত আবৃত্তি করেন সাদেকুর রহমান সুজন, নিভা সরকার পূর্ণিমা, মাহবুব এ ইলাহী মিঠু, আবু রায়হান এবং হোসনে আরা হাসি। কবিতা পাঠ করেন শৈবাল নূর, সাফওয়ান আমিন, আজিজার রহমান তাজ, নাজমা আকতার, অনন্য রাসেল, ফয়সাল ও সোহানুর রহমান সোহান। 

নৃত্য পরিবেশন করেন মিথিলা তাবাসসুম এবং দেশাত্ববোধক গান করেন হোসনে আরা হাসি। নাটকের সংলাপ শোনান অলক কুমার পাল ও রবিউল ইসলাম হৃদয়। 

হাসি-ঠাট্টা, কৌতুক, নাচ, গান আর কবিতায় দিনটি উদযাপন করা হয়। কলাপাতার স্মৃতিচারণ আর স্কুল জীবনে কিছু সময়ের জন্য ফিরে যান কবিরা। লেখক হিসেবে জাতির প্রতি দায়বদ্ধতা, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। 

পুরো আয়োজনটি কর্ণপুর গ্রামে শায়িত কবি রুস্তম আলী কর্ণপুরীকে উৎসর্গ করা হয়। সবশেষে ফলাহারের মাধ্যমে কবিদের বিদায় জানান উপজেলা চেয়ারম্যান মো. আবু সুফিয়ান সফিক ও তার স্ত্রী শিক্ষক মাহবুবা খানম লিপি। 

ইত্তেফাক/এএএম