সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সখীপুরে বিয়ের একদিন পর আহসান হাবীব রোমান (৩০) নামের এক বর নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালী গ্রামে। ঐদিন বেলা ১১টায় উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালী বাজার থেকে বর রোমান নিখোঁজ হন। তিনি ঐ গ্রামের মজিবর রহমানের ছেলে। এ ব্যাপারে নিখোঁজ বরের পরিবারের পক্ষে রবিবার দুপুরে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রোমানের বাবা মজিবর রহমান বলেন, ঈদের দুইদিন পর শুক্রবার উপজেলার বহুরিয়া চতলবাইদ গ্রামের ফজলুল হক লিটনের মেয়ে মরিয়ম আক্তারের সঙ্গে রোমানের বিয়ে হয়। ঐদিনই কনেকে বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার আমাদের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়েছিল। বাড়িজুড়ে আত্মীয়-স্বজনে ভরে গেছে। অথচ আমার ছেলে (বর) কাউকে কিছু না বলে বৌভাতের অনুষ্ঠান ফেলে কোথায় হারিয়ে গেলো জানি না। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
