সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) আয়োজনে সামার-২০২২ সেশনে ভর্তিকৃত সব বিভাগের শিক্ষার্থীদের রিসিপশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ জুলাই) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) সোনারগাঁও ইউনিভার্সিটির চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এমপি-এর সভাপতিত্বে রিসিপশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুল জব্বার খাঁন।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইকবাল বাহার, লিভিংটেক্সের সিইও জাকের জাহান শুভ্র এবং প্যাট্রন হিসেবে সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল বাশার নবীন শিক্ষার্থীদের স্বাগত ও বরণ করে নেয়ার পাশাপাশি তাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর শামীম আরা হাসান, ট্রেজারার প্রফেসর মো. আল-আমিন মোল্লা, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এম এ মাবুদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আবুল কালাম উপস্থিত ছিলেন।
সোনারগাঁও ইউনিভার্সিটির চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এমপি বলেন, রিসিপশন ও ওরিয়েন্টেশনে বক্তারা যা বলেছেন শিক্ষার্থীরা তোমরা তা মেনে চললে অবশ্যই ভালো মানুষ হতে পারবে। তোমাদের বাবা মা’র আশা পূরণ করতে পারবে। তিনি শিক্ষকদের নৈতিকতার কথা বলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিশৃঙ্খলা না করে পড়াশোনা করে যাওয়ার কথা বলেছেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ প্রতিষ্ঠার কথা স্মরণ করে সব শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার কথা বলেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুল জব্বার খাঁন শিক্ষার্থীদের সংবিধান অনুযায়ী চলার কথা বলেন। তিনি তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় অনুধাবনসহ সংবিধানকে লালন করা, শিক্ষার্থীদের ইতিহাস থেকে বিচ্যুত না হওয়াসহ তাদের গবেষণাতে মনোযোগ দিতে বলেন।
অনুষ্ঠানে সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এ ইউনিভার্সিটির সাফল্যের নায়ক নজরুল ইসলাম বাবুর অবদানের কথা তুলে ধরেন। তিনি ভিসি ও প্রো ভিসিকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এসইউ ট্রাস্টি বোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত কোনো বিষয়ে হস্তক্ষেপ করেনি ও ভবিষ্যতেও করবে না। এই ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে হয়। যে স্বপ্ন নিয়ে আপনার বাবা মা এই বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন আশা করি আপনারা তার বাস্তবায়ন করবেন। তিনি আরও বলেন, এই বছর সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে একটি বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু করতে চাই।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি তুলে ধরার পাশাপাশি সোনারগাঁও ইউনিভার্সিটির ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা করা হয়।
