কিশোরগঞ্জে দুই টিকিট কালোবাজারির জেল

আপডেট : ০৯ জুন ২০১৯, ২২:০৩

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ট্রেনের দুই টিকিট কালোবাজারিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এইচ এম খোদাদাদ হোসেন এই দণ্ড প্রদান করেন। দণ্ডিতরা হলো—কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল-মধ্যপাড়া গ্রামের ইমাম হোসেন পিপুল ও পূর্ব তারাপাশা গ্রামের সজল।

এর আগে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খানের নেতৃত্বে র্যাবের সদস্যরা কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কালোবাজারে টিকিট বিক্রয়রত অবস্থায় উভয়কে আটক এবং তাদের কাছ থেকে ২৯টি বিভিন্ন ট্রেনের টিকিট উদ্ধার করে। পরে উভয়কে জেলা কারাগারে প্রেরণ করা হয়।