পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চল দখলে আসার সুসংবাদকে উদযাপন করেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রুশ নভোচারীরাও। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফেব্রুয়ারিতে ইউক্রেনে তাদের ভাষায় ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর সময় রাশিয়া যে কটি লক্ষ্য নির্ধারণ করেছিল, দনবাসকে ইউক্রেইনীয় বাহিনীর হাত থেকে মুক্ত করা ছিল তার অন্যতম।
লুহানস্ক আর এর পার্শ্ববর্তী দোনেৎস্ক অঞ্চল নিয়েই শিল্পসমৃদ্ধ দনবাস; যার কারণে লুহানস্কের পুর্ণাঙ্গ নিয়ন্ত্রণ পাওয়াকে মস্কোর বড় ধরনের বিজয় হিসেবেই দেখা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রুশ মহাকাশ সংস্থা রসকসমস লুহানস্কে মস্কোর বিজয়কে ‘পৃথিবী ও মহাকাশ উভয় জায়গাতে উদযাপনের মতো মুক্তির দিন’ হিসেবে উল্লেখ করেছে।
সংস্থাটি এ উপলক্ষে বেশ কিছু ছবিও প্রকাশ করেছে যেখানে হাস্যোজ্জ্বল তিন মহাকাশচারী ওলেগ আরতেমেয়েভ, ডেনিস মাতভিভ ও সের্গেই কোর্সাকভকে রাশিয়ার স্বীকৃতি পাওয়া দুই প্রজাতন্ত্র লুহানস্ক পিপলস রিপাবলিক ও দোনেৎস্ক পিপলস রিপাবলিকের পতাকা ধরে রাখতে দেখা যাচ্ছে।
লিসিচ্যাংস্ক দখলে আসার পর রবিবার রাশিয়া লুহানস্কের সব অংশ তাদের ও মিত্র লুহানস্ক পিপলস রিপাবলিক বাহিনীর দখলে এসেছে বলে ঘোষণা করে।
