শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার 

আপডেট : ০৫ জুলাই ২০২২, ০০:১৫

রংপুরের কাউনিয়ায় দুই শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে আমির হামজা নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (৪ জুলাই) ভোরে আমির হামজাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, কাউনিয়া উপজেলার সনাতন গ্রামের সাত বছর বয়সী দুই ছেলে শিশু স্থানীয় উম্মেহানি মডেল মাদ্রাসায় আরবি পড়তো। শিশু শিক্ষার্থীরা সেখানেই থাকতো। মাদ্রাসার শিক্ষক আমির হামজা বেশ কিছুদিন ধরে শিশু দুটিকে যৌন হয়রানি করে আসছিলেন। দু’দিন আগে এক শিশুর বড় ভাই ওই মাদ্রাসায় ছোট ভাইকে দেখতে যায়। সে সময় শিশুটি যৌন হয়রানির কথা ভাইকে জানায়। একই অভিযোগ করে আরও এক শিশু।

শিশুদের বরাতে পুলিশ আরও জানায়, রাতে হুজুর ঘরে ডেকে নিয়ে তাদের যৌন হয়রানি করতো। বিষয়টি জানার পর এক শিশুর ভাই বাদী হয়ে কাউনিয়া থানায় রবিবার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ ভোরে মাদ্রাসাশিক্ষক আমির হামজাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুমুর রহমান জানান, আমির হামজা মাদ্রাসায় পড়তে আসা অনেক শিশুকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদ্রাসা শিক্ষক যৌন হয়রানির কথা স্বীকার করেছেন। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ইত্তেফাক/এসজেড