অমরনাথ যাত্রার কারণে কড়া নিরাপত্তায় মুড়িয়ে রাখা হয়েছে জম্মু-কাশ্মিরকে। চলছে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। তাতেই মিলেছে সাফল্য। রবিবার জম্মু ও কাশ্মিরের রিয়াসি জেলায় গ্রামবাসীদের সাহায্যে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে সন্ত্রাসী সংগঠনের অন্যতম মোস্ট ওয়ান্টেড কমান্ডার সহ লস্কর-ই-তৈবা (এলইটি) দুই সন্ত্রাসবাদী।
কর্মকর্তারা জানিয়েছেন ধৃত লস্কর কমান্ডার তালিব হুসেন রাজৌরি জেলার বাসিন্দা। জম্মুর ওই জেলায় সাম্প্রতিক আইইডি বিস্ফোরণের মূল ষড়যন্ত্রকারী ছিল। অন্য জঙ্গিকে ফয়জল আহমেদ দার নামে চিহ্নিত করা হয়েছে যে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার শ্রেণীবদ্ধ সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িত ছিল। দুজনকেই কাশ্মীরের টুকসান গ্রামে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ তাদের কাছ থেকে দুটি একে অ্যাসল্ট রাইফেল, সাতটি গ্রেনেড এবং একটি পিস্তল উদ্ধার করেছে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা গ্রামবাসীদের সাহসের জন্য ৫ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছেন। অন্যদিকে কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং সাহসিকতা প্রদর্শনের জন্য গ্রামবাসীদের জন্য ২ লাখ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছেন।
গত ৩০ জুন দু বছর পর শুরু হয়েছে অমরনাথ যাত্রা। বার্ষিক এই তীর্থযাত্রাকে সুরক্ষিত ভাবে পরিচালনা করতে একধিক সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রাপথে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর অতিরিক্ত দল। সন্ত্রাসবাদীদের একাধিক হুমকি থাকার কারণেই বিশেষ নজর দেওয়া হয়েছে সেই সঙ্গেই উপত্যাকা জুড়ে চলছে তল্লাশি অভিযান।
