ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাসান আলি (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বাচোর ইউনিয়নের রাজোর গ্রামে এ ঘটনা ঘটে।
হাসান হরিপুর উপজেলার নাওহর চান গ্রামের আলীম উদ্দিনের ছেলে। সে রাণীশংকৈলের কাতিহার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা আব্দুল লতিফ শেখ এ মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আব্দুল লতিফ শেখ জানান, হাসান আলী ছোটবেলা থেকে তার নানা বাড়ি রাণীশংকৈল উপজেলায় রাজোর গ্রামে মফিজ উদ্দিনের বাড়িতে থেকে লেখাপড়া করতো। ঘটনার দিন সকাল ১১টার দিকে হাসান তার মামাতো ভাইদের সঙ্গে পুকুরে গোসল করতে গেলে এক পর্যায়ে পানিতে ডুবে যায়। হাসানকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হাসানকে উদ্ধার করে। পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায় নি।

