ময়মনসিংহের ত্রিশালের কোনাপাড়া গ্রামে তাইজ উদ্দিন হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো উপজেলার কোনাপাড়া গ্রামের মো. অহিদ, মোবারক হোসেন ও পলাতক মজনু মিয়া।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৪ এপ্রিল ত্রিশাল উপজেলার কোনাপাড়া গ্রামে তাইজ উদ্দিন ও আসামিরা মিলে ছাগল চুরি করে বিক্রি করে। তাইজ উদ্দিন ছাগল চুরির কথা প্রকাশ করে দিলে আসামিরা গালাগাল করে। পরে আসামিরা তাইজ উদ্দিনকে ঐ বছরের ৮ এপ্রিল ত্রিশালের কোনাবাড়ি কালভার্টের কাছে নিয়ে গলা টিপে হত্যার পর লাশ কালভার্টের নিচে গুম করে। ১১ এপ্রিল শিয়াল-কুকুরে লাশ টেনে বের করলে এলাকাবাসী দেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পরে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামিদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করে।
