এবার বিশ্বকাপের অন্যতম ‘হাই ভোল্টেজ’ ম্যাচ ছিল অস্ট্রেলিয়া-ভারত। কিন্তু খেলাটাকে অনেকটাই একপেশে করে ফেললেন ভারতীয় ব্যাটসম্যানরা। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৩৫২ রান সংগ্রহ করলো ভারত ৫ উইকেটে। শিখর ধাওয়ানের সেঞ্চুরিতে ম্যাচে অনেকটাই এগিয়ে গেলো ভারত।
জবাবে অস্ট্রেলিয়া খুব সতর্কভাবে শুরু করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা ২৫ ওভারে ১৩৪ রান করেছে ২ উইকেট হারিয়ে। ওয়ার্নার ৫৬ রান করে এবং ফিঞ্চ ৩৬ রান করে আউট হয়েছেন।
ভারতকে রান পাহাড়ে তুলে দেওয়ার মঞ্চটা তৈরি করে দিয়ে যান দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। দু জনে ১২৭ রান যোগ করেন উদ্বোধনী জুটিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই নিয়ে রোহিত-ধাওয়ান ২২ ইনিংসে ১২৭৩ রান করলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো জুটির এটা সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ২৯ ইনিংসে সর্বোচ্চ ১১৫২ রান ছিল ডেসমন্ড হেইন্স ও গর্ডন গ্রিনিজের।
রোহিত ৭০ বলে ৫৭ রান করে আউট হওয়ায় এই জুটি ভাঙে। এরপর ধাওয়ানের সাথে আরেকটা বড় জুটি করেন কোহলি। ধাওয়ান শেষ পর্যন্ত ১০৯ বলে ১১৭ রান করে আউট হন। আর এখান থেকেই রান বন্যাটা শুরু হয়।
কোহলির সঙ্গে এসে যোগ দেন মারমুখী হার্দিক পান্ডিয়া। এর মধ্যে কোহলি ফিফটি করে ফেলেন। বিশ্বকাপে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার ভারতের প্রথম তিন ব্যাটসম্যানই পঞ্চাশ পার করলেন। পান্ডিয়া ২ রানের জন্য ফিফটি পাননি। তবে যা পেয়েছেন, তাতেই অনেক রান এসেছে। মাত্র ২৭ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৮ রান করে ফেরেন পান্ডিয়া। এরপর কোহলি ও ধোনি শেষ ওভারগুলোতে ধ্বংসযজ্ঞ চালানোর দায়িত্ব নেন। ধোনি ১৪ বলে ২৭ রান করে ফেরেন। অন্যদিকে কোহলি সেঞ্চুরির মায়া না করে ব্যাট চালাতে থাকেন। তিনি সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে আউট হয়ে যান। ৭৭ বলে ৮২ রান করে কোহলি। আর শেষ সময়ে উইকেটে এসে ৩ বলে ১১ রান করেন লোকেশ রাহুল।
