বিনিয়োগের প্রলোভনে কোটি টাকা নেন হেনোলাক্সের মালিক: র‍্যাব

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৪:৪০

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যাকারী ব্যবসায়ী গাজী আনিসকে বিনিয়োগের প্রলোভন দিয়েছিলেন আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির (হেনোলাক্স) ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন এবং তার স্ত্রী ও পরিচালক ফাতেমা আমিন।

আজ বুধবার (৬ জুলাই) দুপুরে কাওরান বাজারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের জনসংযোগ ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, গাজী আনিস নিজের জমানো টাকা এবং লভ্যাংশ দেওয়ার কথা বলে আত্মীয়-স্বজনের কাছ থেকে ঋণ করে টাকা এনে দেন নুরুল আমিনকে। কয়েক মাস লভ্যাংশ পাওয়ার পর তা বন্ধ করে দেওয়া হয়। এতে আত্মীয়-স্বজনের টাকা পরিশোধের চাপে পড়েন আনিস এবং এক পর্যায়ে তিনি আত্মহত্যা করেন।

গত ৪ জুলাই বিকালে জাতীয় প্রেসক্লাব এলাকায় গাজী আনিস নিজের গায়ে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় গত ৫ জুলাই ভোরে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তার ভাই নজরুল ইসলাম রাজধানীর শাহবাগ থানায় একটি আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় নুরুল আমিন ও ফাতেমা আমিনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে র‌্যাব।

ইত্তেফাক/কেকে