আমি এখনো বলব এই সংসদ অবৈধ

আপডেট : ০৯ জুন ২০১৯, ২২:৩৯

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা শপথ নিয়েছেন। গতকাল রবিবার সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তার কার্যালয়ে তিনি শপথ নেন। শপথ গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘এই সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয়। গঠিত হওয়ার পর আমি দ্ব্যর্থহীন ভাষায় এই সংসদকে অবৈধ বলেছি। আমি এখনো তা বলছি।’বিএনপির এই সংসদ সদস্য বলেন, খুব খুশি হবো আমার সংসদ সদস্য হওয়ার মেয়াদ যদি একদিনের বেশি না হয়। আমি চাই যেন অতি দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠিত হয়। এই সংসদ অবৈধ হলে শপথ নিলেন কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি খুব পরিষ্কার। এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক স্পেস। আমাদের কথা বলার জায়গাগুলো ক্রমেই সংকুচিত হয়ে আসছে। সেই অর্থে দেখতে পাচ্ছি সংসদ একটি ভালো অ্যাভিনিউ, যেটা আমরা ব্যবহার করতে পারি। আমাদের দলের কথা, দেশের কথা ও মানুষের কথা বলার জন্য। আর সেই স্পেসটা ব্যবহার করার জন্য আমাদের এই সংসদে আসা।

রুমিন বলেন, আমরা সংখ্যাগত দিক থেকে নিশ্চয়ই অনেক কম। তারপরও আশা করছি, সংসদে যদি একজনও ন্যায্য কথা বলেন তাকে যথেষ্ট সময় ও সুযোগ দেওয়া হবে। সরকারের নিজের স্বার্থেই এই সময় ও সুযোগ দেওয়া উচিত। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মামলার মেরিট, তার বয়স, সামাজিক অবস্থান বিবেচনায় তিনি বাংলাদেশের আইন অনুযায়ী তাত্ক্ষণিক জামিন লাভের যোগ্য। তাকে জামিন বঞ্চিত করে কারাগারে রাখা হয়েছে, এর পুরোটাই বে-আইনি। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে সংসদে কথা বলবো। শপথ অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সংসদ সদস্য ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।