ডিম দিতে দেরি হওয়ায়...

আপডেট : ০৯ জুন ২০১৯, ২২:৪১

নারায়ণগঞ্জে ডিম দিতে দেরি হওয়ায় বিক্রেতাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ছাত্রলীগ নামধারী নেতাকর্মীরা। এ ঘটনায় ডিম বিক্রেতার স্ত্রী নারগিস হক নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন নয়াপাড়া বৌ বাজার এলাকার কবিরের ছেলে জিতু, মাসদাইর এলাকার অন্তর ও আমহাট্টা জল্লারপাড় এলাকার শুভসহ অজ্ঞাত ২৫ জন।

মামলায় উল্লেখ করা হয়েছে নারগিসের স্বামী ২ নং রেলগেট এলাকায় ডিম বিক্রি করেন। ৪ জুন সন্ধ্যায় জিতু দোকানে ডিম কিনতে আসে কিন্তু ক্রেতা বেশি থাকায় তাকে ডিম দিতে দেরি হয়। এতে সে ক্ষুব্ধ হয়ে ডিমের খাছি ফেলে দিয়ে ১০০টি ডিম ভেঙে ফেলে। এ ঘটনার প্রতিবাদ করলে তার স্বামী সামসুল হক ও ছেলে পরশকে মারধর করা হয়। পরে ৫ জুন আসামিরা আবারো দেশিয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এসে তার ছেলে ও স্বামীকে ব্যাপক মারধর এবং তাদের মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। প্রতিবাদ করতে গেলে তারও শ্লীলতাহানি করা হয়। হামলাকারীরা এসময় নিজেদেরকে ছাত্রলীগ নেতাকর্মী পরিচয় দিয়ে দোকানের ক্যাশে থাকা ৫০ হাজার টাকা ও পাওনাদারদের থেকে আনা আরো ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া ছেলের সঙ্গে থাকা আইফোনও ছিনিয়ে নিয়ে যায় তারা। আমাদের চিত্কারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা হুমকি দিয়ে চলে যায়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।