ফরিদপুরের মধুখালীতে কথিত 'কোটি টাকার তক্ষক' উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার (৫ জুলাই) গভীর রাতে উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে হানিফ বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে তক্ষকসহ দুজনকে আটক করা হয়।
মধুখালী থানা সূত্রে জানা গেছে, ৫ জুলাই গভীর রাতে ফরিদপুর র্যাব-৮ এর একটি দল উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে হানিফ বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে তক্ষকসহ দুজনকে আটক করে। আটকরা হলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার খালকুলা গ্রামের ইউসুফ সরদারের ছেলে মো. ওয়াজেদ সরদার (৬৫) ও মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামের ওহেদ বিশ্বাসের ছেলে হানিফ বিশ্বাস।
২০১২ সালের বন্যপ্রাণী আইনে তাদের আটক করে মধুখালী থানায় সোপর্দ করে র্যাব। ৬ জুলাই বেলা ১১টায় আটকদের মুচলিকায় নিজ জিম্বায় ছেড়ে দেওয়া হয়। তক্ষকটি ফরিদপুর চিনিকল জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। তক্ষক প্রায় ১৫ ইঞ্চি লম্বা। এটি গিটগিটি প্রজাতির। পৃথিবীতে প্রায় ৬০০ প্রজাতির তক্ষক আছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তক্ষকটি অবমূক্ত করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আইনে বিষয়টি মামলা যোগ্য নয়।
