দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও থানার ওসিসহ অর্ধশতাধিক আহত হয়েছে। এর মধ্যে খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপ চালক, নারায়ণগঞ্জ বন্দরে পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশু, নীলফামারীর কিশোরগঞ্জে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে একজন, শরীয়তপুরের ভেদরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় যুবক ও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজি অটোরিক্সার ধাক্কায় বাইসাইকেল চালক নিহত হয়। এ বিষয়ে ইত্তেফাক অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
খুলনা: খুলনায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক শেখ ইমদাদুল হক নিহত ও নারী-শিশুসহ উভয় পরিবহনের ৩০জন আহত হয়। গতকাল রবিবার সকালে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কার্ত্তিকডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের শেখ কেরামত উদ্দিনের ছেলে।
নারায়ণগঞ্জ: গতকাল রবিবার দুপুরে বন্দরের মুছাপুর গ্রামের ডুমুরতলা নামক স্থানে পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে নুসরাত নামে ৩ বছরের এক শিশু নিহত ও শিশুটির মা স্বপ্না বেগম গুরুতর আহত হয়েছে। নিহত শিশু নুসরাত মুছাপুর এলাকার নাসির মিয়ার মেয়ে। আহত স্বপ্না বেগমকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
এদিকে রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল সকালে উপজেলার নীলভিটা এলাকায় বোরাক পরিবহনের একটি বাস খাদে পড়ে নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়। বাসটি নরসিংদীর ড্রিম হলিডে পার্কে যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জ (নীলফামারী): জলঢাকা-রংপুর মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার বিকালে উপজেলার রণচন্ডি উত্তরপাড়া কমিউনিটি পুলিশিং ফাড়ির দুইশ গজ পূর্বদিকে ঘটনাটি ঘটে। নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
কিশোরগঞ্জ:পাকুন্দিয়ায় সিএনজির ধাক্কায় সাইকেলচালক সোহরাব উদ্দিন নিহত হন। তার বাড়ি উপজেলার বর্ষাগাতি গ্রামে। শনিবার বিকালে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে পাকুন্দিয়া-মির্জাপুর সড়কে বর্ষাগাতি এলাকায় তিন রাস্তার মোড়ে একটি সিএনজি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। পাকুন্দিয়া হাসপাতালে আনার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ভেদরগঞ্জ (শরীয়তপুর): শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হারুন বেপারি মারা গেছেন। রবিবার দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার ভেদরগঞ্জ-সখিপুর সড়কের মহিষকান্দি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
সাতক্ষীরা: যাত্রীবাহী বাস ও পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাতক্ষীরার কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ও পুলিশের দুই কনস্টেবলসহ ১২ জন মারাত্মক আহত হয়েছেন। রবিবার সকালে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের হাদিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের পার্শ্ববর্তী নলতা ও সাতক্ষীরা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
