বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই টেস্টের পর স্বাগতিকদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। পরে দুই দল তিনটি ওয়ানডেও খেলবে। সফর শেষে ১৬ জুলাই দেশের উদ্দেশ্যে বিমানে চড়বেন বাংলাদেশের ক্রিকেটাররা।
চলতি মাসেই আবার ক্যারিবিয়ানে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সবকিছু ঠিক থাকলে ৩১ জুলাই উড়াল দেবেন ক্রিকেটাররা। গতকাল জানা গেছে, সফরে উইন্ডিজদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে ‘এ’ দল। ২২ দিনের সফর শেষে আগামী ২২ আগস্ট দেশে ফেরার জন্য ক্যারিবিয়ান ছাড়বে দলটি।
‘এ’ দল গঠনের জন্য সচল রাখা হয়েছে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। সম্প্রতি রাজশাহীতে এইচপির বিরুদ্ধে একটি চার দিনের ম্যাচ খেলছে দলটি। ঈদুল ফিতরের পর খুলনায় দুই দল আবারও মুখোমুখি হবে। সেখানে একটি তিন দিনের ও দুটি ওয়ানডে ম্যাচ খেলবে ‘এ’ দল ও এইচপি। পরে অবশ্য বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলবে এইচপি।
