হবিগঞ্জে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০১৯, ২২:৪৩

হবিগঞ্জ জেলার বিভিন্নস্থানে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার মাধবপুরে খাটুরা গ্রামের শাহজাহান মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীকে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। জানা যায়, প্রতিপক্ষের লোকজন শাহজাহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলাপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

একই দিন বানিয়াচং উপজেলার দৌলতপুরে বজ পাতে আব্দুল ওয়াহিদ (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আলীগঞ্জ বাজার থেকে নৌকাযোগে বাড়ি ফেরার পথে বজ পাত হলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

গত শনিবার দুপুরে আজমিরীগঞ্জের কাকাইলছেও-সৌলরী সড়কের রোনীয়া এলাকায় দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো. আরজান মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ যাত্রী। নিহত আরজান মিয়া উপজেলার শিবপাশা গ্রামের মৃত কালাই উল্লার পুত্র। ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহ্পুর অংশে যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে রহমত আলী (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।