আবারও ডমিনিক টিমের প্রথম শিরোপা জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে ফরাসি ওপেনে ছেলেদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল।
প্যারিসের রোঁলা গারোঁয় গতকাল ফাইনালে নাদালের বিপক্ষে দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ানোর যা একটু ইঙ্গিত দিয়েছিলেন টিম। কিন্তু পরের দুই সেটে উড়ে যান সেমি-ফাইনালে বর্তমান বিশ্বসেরা নোভাক জোকোভিচকে হারিয়ে আসা এই অস্ট্রিয়ান।
৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ গেমে জিতে ট্রফিতে চুমু আঁকেন ‘ক্লে কোর্টের রাজা’। গতবার ফাইনালে টিমকে হারিয়েছিলেন সরাসরি সেটে।
ফরাসি ওপেনে শিরোপা জয়ের রেকর্ডটাকে আরও উঁচুতে নিলেন স্প্যানিশ তারকা। ২০০৫ সালে রোঁলা গারোঁয় অভিষেকের পর দ্বাদশ শিরোপা জিতলেন তিনি। সেমি-ফাইনালে সুইজারল্যান্ডের কিংবদন্তি রজার ফেদেরারকে হারিয়ে আসা ৩৩ বছর বয়সী নাদালের সব মিলিয়ে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা হলো ১৮টি।
শনিবার চেক রিপাবলিকের মারকেতা ভন্দ্রওশোভাকে হারিয়ে ফরাসি ওপেনে মেয়েদের এককে নতুন চ্যাম্পিয়ন হন অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি। -বিডি নিউজ
