গাজীপুরে কুড়িয়ে পাওয়া নবজাতকের ঠাঁই হলো নিঃসন্তান দম্পতির ঘরে

আপডেট : ১০ জুন ২০১৯, ০০:১৬

গাজীপুরের মহানগরীর পোড়াবাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে কুড়িয়ে পাওয়া এক নবজাতককে দত্তক নিয়েছেন মহানগরীর মারিয়ালী এলাকার নিঃসন্তান মো. আক্তার হোসেন-শিউলী আক্তার দম্পতি।

শিশুটিকে দত্তক নিতে একাধিক দম্পতি গাজীপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেন। পরে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর রবিবার মো. আক্তার হোসেন-শিউলি আক্তার দম্পতিকে যথাযথ প্রক্রিয়ায় দত্তক দেওয়ার অনুমতি প্রদান করেন। আইনি প্রক্রিয়া শেষে রবিবার বিকালে শিশুটিকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যায় ঐ দম্পতি।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিত্সক প্রণয় ভূষণ দাস জানান, গত ৪ জুন রাতে নগরীর পোড়াবাড়ি এলাকায় একটি বাজারের ব্যাগে নবজাতক ওই কন্যাশিশুটি পরিত্যক্ত অবস্থায় পান পোড়াবাড়ি এলাকার সফিকুল ইসলাম। এরপর শিশুটিকে স্থানীয় ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর মাওলানা মুনজুর হোসাইনের সহায়তায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যালে পাঠানো হয়। প্রথমদিকে শিশুটিকে সুস্থ মনে হলেও বর্তমানে তার জন্ডিস ধরা পড়েছে। শিশুটির ওজন দুই কেজি। শিশুটিকে দত্তক নেওয়া দম্পতি তার চিকিত্সাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।