ম্যাচের গুরুত্ব বুঝে সিনিয়র ক্রিকেটারদের খেলানোর কথা আগেই বলেছিল বিসিবি। এ মাসেই জিম্বাবুয়ে সফর। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু ম্যাচগুলো সুপার লিগ ও চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তাই বোর্ড চেয়েছিল, এই সফরে সিনিয়রদের বিশ্রাম দেওয়ার। তবে কেবল সাকিব আল হাসান বিশ্রাম নিচ্ছেন। বাকি সব সিনিয়র খেলতে চান।
বৃহস্পতিবার (৭ জুলাই) নির্বাচকদের সঙ্গে বৈঠক শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, পূর্ণ শক্তির দল নিয়েই আফ্রিকার দেশটিতে সফরে যাবে বাংলাদেশ। তিনি বলেন, ‘সিনিয়রদের বেশিরভাগই অ্যাভেইলেবল, তারা খেলতে চান। কেবল সাকিব যাচ্ছেন না। আজ নির্বাচকদের সঙ্গে বসে একটি দল চূড়ান্ত করেছি। বর্তমানের দলটিই থাকছে।’
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে টাইগাররা। সেখান থেকে ফিরে মাত্র এক সপ্তাহের মতো বিশ্রাম পাবে দল। এরপরই জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দিতে হবে। ২৭ জুলাই সেখানে পৌঁছানোর কথা। ৩০ ও ৩১ জুলাই এবং ২ আগস্ট টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ৫, ৭ ও ১০ আগস্ট তিনটি ওয়ানডে।
