সরকার এবার কোরবানিতে প্রতি বর্গফুট গরুর চামড়া সাত টাকা, আর ছাগলের চামড়া তিন টাকা বাড়ালেও খুশি নেই দিনাজপুরের চামড়া ব্যবসায়ীরা। বিগত কয়েক বছর থেকে সরকার-নির্ধারিত দাম না পাওয়ায় এবারও কোরবানিতে চামড়া ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। আর সঠিক দাম ও বকেয়া টাকা না পেয়ে পুঁজি হারিয়ে ব্যবসা ছেড়েছেন ও পথে বসেছেন দিনাজপুরের অন্তত অর্ধশতাধিক চামড়া ব্যবসায়ী।
দিনাজপুরের চামড়া ব্যবসায়ীরা জানান, সরকার দাম নির্ধারণ করলেও এই দাম তারা পান না। ট্যানারি মালিকদের ইচ্ছামতো দামেই তাদের বিক্রি করতে হয় চামড়া। দিনাজপুরের রামনগর চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের জানান, গত বছর সরকার যে দাম নির্ধারণ করেছিল, তার চেয়ে প্রতি বর্গফুটে ১০ টাকা কমে তাকে চামড়া বিক্রি করতে হয়েছে ট্যানারি মালিকদের কাছে। ট্যানারি মালিকরা সিন্ডিকেট করে দাম নির্ধারণ করে থাকে। বাধ্য হয়ে তাদের সেই দামেই চামড়া বিক্রি করতে হয়।
তিনি জানান, বিগত কয়েক বছর থেকেই চামড়ার ব্যবসায় ধস নেমেছে। ট্যানারি মালিকদের কাছে কোটি কোটি টাকা বকেয়া থাকায় অনেকেই পথে বসেছেন। আবার অনেকেই চামড়া ব্যবসা ছেড়ে দিয়েছেন। এর ফলে দিনাজপুরে মোট ১৫৫ জন চামড়া ব্যবসায়ীর মধ্যে এখন ব্যবসা করছে মাত্র ১৫ জন। দিনাজপুরে ছোট-বড় মিলিয়ে প্রায় ১৫০ চামড়া ব্যবসায়ী ছিল। ঢাকার ট্যানারি মালিক ও নাটোরের চামড়া ব্যবসায়ীদের কাছে ২০১১ সাল থেকে দিনাজপুরের চামড়া ব্যবসায়ীদের বকেয়া রয়েছে ২০ কোটি টাকারও বেশি। গত দুই বছর আগে এই টাকার ৩০ শতাংশ পেয়েছেন ব্যবসায়ীরা।
রামনগর চামড়া ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আখতার আজিজ জানান, ট্যানারি মালিকদের কাছে তার বকেয়া প্রায় দেড় কোটি টাকা। এই টাকা না পেয়ে পুঁজি হারিয়ে গত বছর থেকেই তিনি চামড়া ব্যবসা ছেড়ে দিয়েছেন। তার মতো অনেকে এই ব্যবসা ছেড়ে দিয়েছেন এবং অনেকেই পথে বসেছেন বলে জানান আখতার আজিজ। চলতি বছরেও গত তিন মাসের সরবরাহকৃত চামড়ার দাম পাননি দিনাজপুরের চামড়া ব্যবসায়ীরা। দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক সমিতির তথ্য মতে, দেশের উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম চামড়ার বাজার দিনাজপুরের রামনগর।
এই চামড়া বাজারে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার প্রায় ৭০-৭৫ হাজার গরু ও ৪০-৫০ হাজার ছাগলের চামড়া বেচাকেনা হয়। আর শুধুমাত্র কোরবানির সময়ে এই বাজারে ৩৫ থেকে ৪০ হাজার গরু ও ২৫-৩০ হাজার পিস ছাগলের চামড়া বেচাকেনা হয়।
