কোরবানীর ঈদ আসলেই খাওয়াদাওয়ার পরিমাণ কমবেশি সবারই বেড়ে যায়। বাড়ির গৃহিণীরা পরিবারের প্রিয় মানুষদের জন্য প্রচলিত খাবারের বাইরেও তৈরি করেন ভিন্ন স্বাদের কিছু মেন্যু। এবারের ঈদে তৈরি করতে পারেন বার-বি-কিউ ল্যাম্ব লেগ রোস্ট। রেসিপি দিয়েছেন তাসনিয়া রহমান সৃষ্টি
প্রয়োজনীয় উপকরণ
লেগ রোস্টের জন্য
- খাসির রান ১ টি (১কেজি)
- আদা বাটা ১ টেবিল চামচ
- রসুন বাটা ১ টেবিল চামচ
- সয়াসস ১ টেবিল চামচ
- আনারসের রস ৩ টেবিল চামচ
- সিরকা ৩ টেবিল চামচ
- মরিচ গুঁড়া ১ চা চামচ
- বাটার ৩/৪ টেবিল চামচ
- পানি পরিমাণমতো
- লবণ স্বাদমতো
বারবিকিউ সসের জন্য
- তেঁতুলের কাথ ১ কাপ
- ফিস সস ১/৪ কাপ
- ওয়েস্টার সস ১ টেবিল চামচ
- অলিভ অয়েল ১ চা চামচ
- হলুদ গুঁড়া ১/৪ চা চামচ
- গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ
- তেল পরিমাণমতো
- আখের গুড় ১ টেবিল চামচ
- চিলি ফ্লেক্স ২ চা চামচ
- টমেটো সস ৩ টেবিল চামচ
- চিলি সস ৩ টেবিল চামচ
প্রস্তুত প্রনালী
খাসির রানের চর্বি ও পর্দা ফেলে থাই ও রানের গাটের জায়গায় একটু চিরে নিতে হবে যাতে চুলায় দিলে রানটা ছড়িয়ে না যায়। এবার কাটা চামচ দিয়ে ভালো করে কেঁচে নিন। এরপর তাতে আদা-রসুন বাটা, সয়াসস, সিরকা, মরিচ গুঁড়া, আনারসের রস এবং স্বাদমতো লবণ দিয়ে মেখে পরিমাণমতো পানি দিয়ে ১/২ ঘন্টা সিদ্ধ করে পানি শূন্য করে নিবেন। তারপর সিদ্ধ হলে খাসির রানে বাটার ব্রাশ করে গ্রিলারে গ্রিল করুন অথবা গ্রিলার পাত্রে ভেজে নিন। এ পর্যায়ে পরিবেশন পাত্রে তুলে রেখে ছুরি দিয়ে রানের গায়ে একটু চিরে চিরে রাখুন যাতে সস দিলে খুব ভালো করে মাংসের ভেতর ঢুকে যায়। বার-বি-কিউ সসের সব উপকরণ একসঙ্গে জ্বাল দিয়ে একটু ঘন করে ভেজে রাখা লেগ রোস্টার উপর ঢেলে পছন্দমতো গ্রীল্ড সবজির সাথে পরিবেশন করুন।
