পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার আহ্বান জানিয়েছে ওয়ার্কার্স পার্টি। একইসঙ্গে ভোট প্রদানে জনগণের আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশনের দৃঢ় ভূমিকা ও নিজস্ব উদ্যোগ গ্রহণের কথা বলেছে দলটি। রবিবার বিকালে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সাথে সাক্ষাত্ করে এ কথা বলেন।
তারা বলেন, গত চার দফা উপজেলা নির্বাচনের অভিজ্ঞতা নিতান্তই করুণ। ঐ সব নির্বাচনে বাস্তব ঘটনার ফলে নির্বাচন সম্পর্কে জনগণ পরিপূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে। এ অবস্থা থেকে জনগণের আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশনকে আরো দৃঢ় ভূমিকা নিতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার কে তারা বলেন, পঞ্চম উপজেলা নির্বাচনে নির্বাচন কমিশনের নিজস্ব উদ্যোগ জনগণ দেখতে চায়। নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে এবং জনগণ যাতে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এ বিষয়ে তারা নির্বাচন কমিশনের দৃঢ় ভূমিকা প্রত্যাশা করেন। প্রধান নির্বাচন কমিশনার আশ্বস্ত করে বলেন, নির্বাচনী আইনের অধীনে সকল ব্যবস্থা নির্বাচন কমিশন নিবে।
