লক্ষ্যটা বর্তমান যুগে খুব বেশি না। তবু, বাংলাদেশের দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিছুটা চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমেই স্বাগতিক শিবিরে আঘাত হানেন নাসুম আহমেদ। প্রথম ওভার করতে এসে ৬ষ্ঠ বলেই ৫ বলে ৭ রান করা ব্রেন্ডন কিংকে ফিরিয়ে দেন তিনি। তখন তাদের দলের স্কোর ৯ রান।
স্কোরবোর্ডে আরও ১৩ রান যোগ করতেই এবার শেখ মেহেদী হাসানের আঘাত। চতুর্থ ওভারের তৃতীয় বলে এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ তুলে দিয়েছেন ব্রোকস। আউট হওয়ার আগে ১২ বলে ১২ রান করে এই ব্যাটার। পাওয়ার প্লের ৬ ওভার শেষে তাদের ক্যারিবিয়ানদের স্কোর দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ৪৩ রান।
পরের ওভারটিতেই সাকিব আল হাসানের হাতে বল তুলে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বলেই উইকেট তুলে নেন তিনি। ২ রান করা ওডেন স্মিথকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। ওই ওভারে মাত্র ৪ রান দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এই রিপোর্ট লেখার সময় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭২ রান। কাইল মায়ার্স ২৯ ও অধিনায়ক নিকোলান পুরান ১৭ রানে অপরাজিত।
