ক্ষমতা ছাড়ার আগে বিয়ের জমকালো পার্টির পরিকল্পনা বদলালেন জনসন

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০৬:১৫

ক্ষমতা ছাড়ার আগে এ মাসের শেষের দিকে সরকারি বাসভবন চেকার্সে ক্যারি সিমন্ডসের সঙ্গে বিয়ের জমকালো পার্টি দেওয়ার পরিকল্পনা বদলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ও বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এক কর্মকর্তা জানিয়েছেন, এখনো কোনো কিছুই শতভাগ নিশ্চিত নয়। বিয়ের পার্টির জন্য অন্য কোনো বিকল্প স্থান বেছে নেওয়া হবে।

‘দ্য ডেইলি মিরর’ ও অন্যান্য পত্রিকার খবরে বৃহস্পতিবার বলা হয়, কোভিড মহামারির কারণে গত বছর ছোটখাটো আয়োজনের মধ্য দিয়ে অনেকটা গোপনে লন্ডনের ওয়েস্টমিনস্টার ক্যাথেডলে ক্যারিকে বিয়ে করেন জনসন। তাই এবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন চেকার্সে ৩০ জুলাইয়ে বিয়ের জমকালো পার্টি করার পরিকল্পনা করেন তিনি। আপাতত জনসনের প্রধানমন্ত্রী পদ না ছাড়ার এটিও একটি কারণ বলে জানানো হয় খবরে। পরে সমালোচনার মুখে জনসন পার্টির ভেনু্য বদলেছেন বলে খবর জানায় বিবিসি। কিন্তু শুক্রবার প্রধানমন্ত্রীর এক মিত্র এসব কথা অস্বীকার করেন।

বিয়ের পার্টি করার জন্য তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে জনসনের ক্ষমতায় থাকার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, এই কারণে জনসনের প্রধানমন্ত্রী পদে থাকার বিষয়টি খুবই অদ্ভুত। ‘আর এই পার্টিও চেকার্সে হচ্ছে না’ বলে নাম প্রকাশ না করার শর্তে জানান জনসনের ঐ মিত্র।

সরকার ও দলে নজিরবিহীন চাপের মুখে জনসন বৃহস্পতিবার দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন। তবে কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানান। এরপরই জনসনের বিয়ের পার্টি পরিকল্পনার খবর সামনে আসে। এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ববোধ প্রবল। নতুন নেতা দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনি দেশের সেবা করে যাবেন। জনগণের জন্য একান্তভাবে নিজ দায়িত্ব-কর্তব্য পালন করবেন।

১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসবভন ছাড়াও ঐতিহ্যগতভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীরা চেকার্স বাসভবন ব্যবহার করেন। ১৬ শতাব্দীর এই চেকার্স ভবন দেশের রাজধানীর উত্তরে অবস্হিত। সেখানে বিদেশি নেতাদেরকে আতিথেয়তা করা হয় এবং মাঝে মধ্যে পার্টির আয়োজন করা হয়।

ইত্তেফাক/এএইচপি