কোরবানি ঈদে গরুর মাংসের বিভিন্ন পদ খেতে কমবেশি সবাই পছন্দ করেন। আর সুস্বাদু কালো ভুনা পাতে থাকলে তো অন্য কোনো পদের দিকে চোখই পড়ে না। অনেকেরই ধারণা, ঘরে কালো ভুনা রান্না করা বেশ কঠিন। কিন্তু তাসনিয়া রহমান সৃষ্টি বলে দিচ্ছেন কীভাবে সহজে কালো ভুনা রান্না করা সম্ভব।
প্রয়োজনীয় উপকরণ
- গরুর চাকা মাংস ১ কেজি
- পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
- পেঁয়াজ কুঁচি ১ কাপ
- কাঁচামরিচ ৫/৬ টি
- আদা বাটা ১ টেবিল চামচ
- রসুন বাটা ১ টেবিল চামচ
- জিরা বাটা ১ টেবিল চামচ
- ধনে বাটা ১ টেবিল চামচ
- গরম মসলা বাটা ১ টেবিল চামচ
- কালো গোলমরিচ বাটা ১ টেবিল চামচ
- জায়ফল-জয়িত্রী গুঁড়া ১/৪ চা চামচ
- সরিষার তেল ১ কাপ
- লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালী
প্রথমে মাংসের সাথে পেঁয়াজ কুঁচি ও কাঁচামরিচ বাদে সমস্ত উপকরণ মেখে ১ ঘণ্টা মেরিনেট করে রাখুন। এবার হাঁড়িতে সরিষার তেল গরম করে মাংস দিয়ে ভালো করে কষিয়ে মাংস সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রান্না করুন। মাংসের থেকে যে পরিমাণ পানি ওঠবে ওই পানি দিয়েই মাংস সিদ্ধ হবে, আলাদা করে কোনো পানি দেওয়া যাবে না। এরপর মাংস ভুনা ভুনা হয়ে গেলে আরেকটি কড়াইতে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুঁচি ও কাঁচামরিচ দিয়ে তাতে ভুনা মাংস ঢেলে ভুনতে হবে। ভুনতে ভুনতে রঙটা কালচে হয়ে যাবে। সবশেষে মাংসের মসলা গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ মজার ‘গরুর কালো ভুনা’।
