দীর্ঘ প্রায় তিন বছর ধরে রানখড়ায় ভুগছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তবু, দলটির একাদশে এখনো অটোচয়েজ তিনি। অথচ অনেক তরুণ ক্রিকেটার ভালো খেলেও একাদশে সুযোগ মিলছে না। সেটি নিয়েই এবার প্রশ্ন তুললেন ভারতকে প্রথমবার বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া অধিনায়ক কিংবদন্তী কপিল দেব।
টেস্ট ক্রিকেটে প্রায় ৪৫০ উইকেটের মালিক রবিচন্দ্রন অশ্বিন। বর্তমানে লাল বলের ক্রিকেটে আইসিসি র্যাংকিংয়ে দ্বিতীয় সেরা বোলারও তিনি। তবু, ভারতের টেস্ট দলে নিয়মিত জায়গা হয় না এই স্পিন অলরাউন্ডারের। এই ব্যাপারটিও সামনে এনেছেন কপিল দেব। তার মতে, অশ্বিনকে টেস্টে বাদ দিতে পারলে কোহলিকে টি-টোয়েন্টি থেকে কেন বাদ দেওয়া হবে না।
এবিপি নিউজকে কপিল দেব বলেন, এখন অবস্থা কিছুটা এমন যে, আপনাকে টি-টোয়েন্টির সেরা একাদশ থেকে কোহলিকে জোর করেই বসাতে হবে। যদি বিশ্বের দ্বিতীয় সেরা টেস্ট বোলার একাদশ থেকে বাদ পড়ে, তাহলে বিশ্বের এক নম্বর ব্যাটার (একসময় কোহলি শীর্ষ ব্যাটার ছিল) কেন নয়?
তিনি বলেন, ‘কোহলি এখন ওই পর্যায়ে আর ব্যাটিং করছে না, যেটা আমরা বিগত বছরগুলোতে দেখে আসছি। পারফরম্যান্স দিয়েই সে তার নাম করেছে, কিন্তু সে এখন পারফরম্যান্স করছে না। আপনি পারফর্ম করা তরুণদেরও দলের বাইরে রাখতে পারেন না।’
দলে তরুণ ও সিনিয়রদের মাঝে স্বাস্থ্যগত প্রতিযোগিতা দেখতে চান সাবেক এই অলরাউন্ডার। কপিল বলেন, ‘আমি দলে জায়গার জন্য প্রতিযোগিতা চাই, যেখানে তরুণ অফফর্মে থাকা সিনিয়রদের চ্যালেঞ্জ করবে।’
