শ্রীলঙ্কায় গত কয়েকমাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ শনিবার (৯ জুলাই) বিপজ্জনক মোড় নিয়েছে। এদিন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা জোর করে কলম্বোতে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়ে। এর আগে গোটাবায়াকে বাসভবন থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে প্রেসিডেন্ট এখন কোথায় অবস্থান করছেন তা স্পষ্ট নয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেও বিক্ষোভকারীরা ঢুকে পড়েছে বলে জানা যাচ্ছে।
সর্বশেষ এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে।
খবরে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রীর গাড়িতেও বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে জোর করে ঢুকে পড়েছে এবং আগুন দিয়েছে।
দেশটিতে নজিরবিহীন অর্থনৈতিক সংকটের কারণে খাবার সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রচণ্ড টান পড়ায় জ্বালানি তেল, খাদ্য এবং ওষুধ পর্যন্ত আমদানি করতে পারছে না সরকার।
এরই প্রেক্ষাপটে, সরকারের বিরুদ্ধে 'আর্থিক অব্যবস্থাপনার' অভিযোগে গত কয়েকমাস ধরে দেশটির সর্বস্তরের মানুষ বিক্ষোভ করছে। কিন্তু শনিবার পরিস্থিতি চরম আকার নেয় যখন সারা দেশ থেকে হাজার হাজার মানুষ কলম্বোতে এসে শহরের যে এলাকায় সরকারি অফিস-আদালত এবং মন্ত্রী কর্মকর্তাদের বাসভবন রয়েছে সেখানে ঢুকে পড়ে।
বিক্ষোভকারীরা এক পর্যায়ে, 'গোটা গো হোম' (গোটা বাড়িতে চলে যাও) স্লোগান দিতে দিতে অনেক মানুষ জোর করে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ে।
ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের সুইমিং পুলে সাঁতার কাটছেন। এ সময় পুলের পাশে দাঁড়িয়ে অনেক বিক্ষোভকারীকে দেশটির পতাকা উড়াতে দেখা যায়। এছাড়া বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের বিছানায় সেলফি তুলেছে এবং তাদের ফার্নিচারে বসতে দেখা গেছে।
