নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। রবিবার (১০ জুলাই) ভোর ৫ টার দিকে চৌমুহনী-ফেনী আঞ্চলিক সড়কের সেতুভাঙ্গা বাজার নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-হাতিয়া উপজেলার আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. সোহেল (২২), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৮) ও সিএনজি চালক বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের লেদু মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন হৃদয় (২১)। এ ঘটনায় আহত সিএনজি যাত্রী বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা মো. ফোরকান উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃদুল কান্তি কুরী জানান, সোহেল, আমজাদ ও আহত মো. ফোরকান উদ্দিন ফেনীতে চাকরি করেন। রবিবার ভোরে ফেনী থেকে মোয়াজ্জেম হোসেন হৃদয়ের সিএনজিচালিত অটোরিকশায় গ্রামের বাড়িতে আসছিলেন তারা। ভোর ৫ টার দিকে তাদের বহনকারী সিএনজিটি সেতুভাঙা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক মোয়াজ্জেম হোসেন হৃদয় ও মো. সোহেল মারা যান। স্থানীয়রা আহত আমজাদ হোসেন ও মো. ফোরকান উদ্দিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমজাদ হোসেনকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। আর ফোরকান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মৃদুল কান্তি কুরী আরও জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
