বাড়ি থেকে ডেকে নিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ  

আপডেট : ১০ জুলাই ২০২২, ২০:৫৪

কুমিল্লার চান্দিনায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে চান্দিনার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

ওই সাংবাদিকের নাম একে সালমান। তিনি দৈনিক যুগান্তরের রাজধানী পাতার রিপোর্টার। এ ঘটনায় আহত সাংবাদিক বাদী হয়ে চান্দিনা থানায় অভিযোগ দায়ের করেছেন।

একে সালমান জানান, দুর্বৃত্ত মোয়াজ্জেম হোসেন ওরফে ইমন কুমিল্লার চান্দিনা থানার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। সে বিভিন্ন সময় স্বাস্থ্য অধিদফতরের ডিজি তার আত্মীয় এবং বিভিন্ন সরকারি চাকরি ও বিজ্ঞাপন পাইয়ে দেওয়ার কথা বলে আমার পরিচিত কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছে। পরবর্তীতে আমার পরিচিত লোকজন আমার সঙ্গে দেখা হলে তারা আমাকে এ বিষয়ে বলে। এক পর্যায়ে তার খোঁজ নিয়ে দেখি সে এমন অগণিত লোকের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে অনেক টাকা নিয়েছে।

সে আমার এলাকার হওয়ায় অনেকে আমাকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে বললে, আমি তার বড় ভাইয়ের সঙ্গে কথা বলে তার ফোন নাম্বার ভুক্তভোগীদের কাছে দিয়ে দেই। তখন তার বড় ভাই আমাকে ফোন দিয়ে বলে-কারা কারা তার কাছে টাকা পাবে এমন পরিচিত যারা আছেন তাদের নাম্বার দেওয়ার জন্য। আমি তাদের নাম নাম্বার দিলে সে আমাকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিতে থাকে। সামনে ঈদ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় আমি বাড়িতে আসি। এরপর শনিবার দুপুর দুইটার দিকে  ইমন আমার বাড়িতে এসে আমার সঙ্গে কথা বলার জন্য ডেকে নিয়ে যায়। আমি ঘুম থেকে ওঠেই খালি গায়ে তার সঙ্গে কথা বলতে বলতে বাড়ির পাশে হাফেজিয়া মাদরাসার সামনে গেলে সে তার কোমর থেকে একটি ধারালো অস্ত্র বের করে পেটে ঢুকিয়ে দিতে যায়। তখন আমি প্রাণ বাঁচাতে তাকে ধাক্কা দিয়ে দৌঁড় দিয়ে পালাতে গেলে পেছন থেকে আমাকে আঘাত করলে আমার পিঠের বাম পাশে এবং বাম হাতের কনুইর একটু ওপর কেটে চরমভাবে জখম হই। আশেপাশে থাকা কয়েকজন দৌঁড়ে এসে আমাকে উদ্ধার করেন। প্রথমে বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেই। পরবর্তীতে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে উন্নত চিকিৎসা নিয়ে থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ‘বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ কে সালমান দৈনিক যুগান্তরের রাজধানী পাতার রিপোর্টর এবং কুমিল্লা সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য।

ইত্তেফাক/এএএম