শেষ ওভারের থ্রিলারে কিউইদের এক উইকেটে জয়

আপডেট : ১১ জুলাই ২০২২, ০৮:৩০

৪৯ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ২৮১ রান। জয়ের জন্য দরকার ৬ বলে আরও ২০ রান। অন্যদিকে, আয়ারল্যান্ডের দরকার একটি উইকেট। এমন সমীকরণ সামনে নিয়ে তখন ক্রিজে ব্যাট করছিলেন ১০৩ রান করা মিচেল ব্রেসওয়েল এবং তাকে সঙ্গ দিতে শেষ ব্যাটার হিসেবে নামেন ব্লেয়ার টিকনার।

৫০তম ওভারে বল করতে আসেন ক্রেইগ ইয়ং। প্রথম বলেই শর্ট ফাইন লেগ অঞ্চল দিয়ে চার মারেন ব্রেসওয়েল। পরের বলে আবারও একই দিক দিয়ে চার! লক্ষ্য দাঁড়ায় ৪ বলে ১২ রান। তৃতীয় ডেলিভারিটি মিডল স্ট্যাম্প বরাবর ফুল লেন্থ বল। সজোরে ব্যাট চালালেন ব্রেসওয়েল। ডিপ মিডউইকেটের উপর দিয়ে ছক্কা! কিউই শিবিরে তখন জয়ের আশা বেড়ে যায়।

শেষ ৩ বলে দরকার ৬ রান। চতুর্থ বলে ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে চার। পরের ২ বলে ২ রান প্রয়োজন। কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে চাইলেন না ব্রেসওয়েল। পঞ্চম বলেই ছক্কা মেরে জয়োল্লাস। এক বল বাকি থাকতে এক উইকেটের জয় ছিনিয়ে নিলো নিউজিল্যান্ড।

ডাবলিনে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড। সর্বোচ্ছ ১১৩ রান করেন হ্যারি টেক্টর। এছাড়া কার্টিস ক্যামফার ৪৩, অ্যান্ডি ম্যাকব্রিন ৩৯, সিমি সিংহ ৩০, টাকার ২৬ ও জর্জ ডকর্যাল ১৮ রান করেন। কিউই বোলারদের মধ্যে লকি ফার্গুসন ২টি, ব্লেয়ার টিকনার ২টি, ইস সদি ২টি এবং ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস একটি করে উইকেট শিকার করেন।

৩০১ রানের লক্ষ্যে জবাব দিতে নেমে ৪৯.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৫ রান করেছে নিউজিল্যান্ড। ৮২ বলে ১২৭ রান করে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মিচেল ব্রেসওয়েল। এছাড়া গ্ণে ফিলিপস ৩৮, মার্টিন গাপটিল ৫১, টম লাথাম ২৩ ও ইস সদি ২৫ রান করেন। আইরিশ বোলারদের মধ্যে কার্টিস ক্যামফার ৩টি, মার্ক এডিয়ার ২টি এবং ক্রেইগ ইয়ং, জস লিটল ও  অ্যান্ডি ম্যাকব্রিন একটি করে উইকেট নেন।

ইত্তেফাক/টিএ