সম্প্রতি বিরাট কোহলির অফফর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া কিংবদন্তী অধিনায়ক কপিল দেব। এটাও বলেছেন যে, রবিচন্দ্রন অশ্বিনকে যদি টেস্ট একাদশ থেকে বসানো সম্ভব হয়, তাহলে টি-টোয়েন্টি দল থেকে কোহলিকে কেন নয়? এর আগে অনেক সাবেক ক্রিকেটারই ইস্যুটি নিয়ে কথা বলেছেন। কিন্তু কপিল দেব কথা বলায় বিষয়টি এখন ভিন্ন মাত্রা পেয়েছে।
তবে কোহলির ওপর থেকে এখনি আস্থা হারাতে চাচ্ছে না ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। সেটাই সংবাদমাধ্যমকে বলেছেন অধিনায়ক রোহিত শর্মা। একই সঙ্গে সমালোচনা করায় কপিল দেবেরও একহাত নিয়েছেন হিটম্যান খ্যাত এই ক্রিকেটার।
রোহিত শর্মা বলেন, ‘আমি জানি না কারা বিশেষজ্ঞ। এমনকি আমি এটাও বুঝি না কেন তাদেরকে বিশেষজ্ঞ বলা হয়। তারা এটা (দলের পরিবেশ) বাইর থেকে দেখে। তারা জানে না ভেতরে কী ঘটছে। আমরা একটি দল তৈরি করছি। এর পেছনে অনেক শ্রম দিতে হচ্ছে। অনেক চিন্তাভাবনা আছে। ছেলেদের পেছনে দাঁড়াতে হবে। তাদের আরও সুযোগ দিতে হবে। বাইরের লোকেরা এসব কিছু জানে না। পাশাপাশি বাইরে কী ঘটছে সেটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়।’
‘যদি আপনি ফর্মের কথা বলেন, তাহলো বলবো এটা সবার ক্ষেত্রেই আসবে যাবে। তবে একজন খেলোয়াড়ের কোয়ালিটি কখনোই কমে না। আমাদের এটা মনে রাখতে হবে। আমরা কোয়ালিটিকেই প্রাধান্য দেই। এটা আমার সঙ্গে ঘটতে পারে, এক্স ওয়াই জেটের সঙ্গে এবং সবার সঙ্গেই ঘটতে পারে। নতুন কিছু নয়। যখন একজন খেলোয়াড় দীর্ঘদিন ধরে অনেক ভালো করে, তখন তাকে একটি বা দুইটি সিরিজ অথবা এক বা দুই বছর দেখে বাদ দেওয়া যাবে না। পুরোপুরি বুঝতে মানুষের সময় লাগবে,’ যোগ করেন তিনি।
