কুরবানি ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। অনেকেই ঈদের ছুটি কাটাতে এসব বিনোদনকেন্দ্রগুলো পরিবার-পরিজন নিয়ে বেড়াতে এসেছেন। বিশেষ করে শিশুরা অভিভাবকদের সঙ্গে ঘুরতে এসেছে। সোমবার (১১ জুলাই) রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
কুরবানির ব্যস্ততা শেষ করে হাতিরঝিলে বেড়াতে এসেছেন মানুষ। সেখানে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে বেড়াতে এসেছেন তারা। বোটগুলোতে টিকিট কেটে দর্শনার্থীরা ঘুরছেন।
আবুল কালাম আজাদ। ফ্রান্স অ্যাম্বাসিতে চাকরি করেন। এসেছেন তার মেয়েকে নিয়ে। তিনি বলেন, ‘ঈদের এই সময়টাতেই একটু সময় পাওয়া যায়, তাই মেয়েকে নিয়ে বের হলাম ঘুরতে, ভালোই লাগছে।’
রাকিব জাব্বার। সরকারি চাকুরিজীবী। এসেছেন পরিবার নিয়ে। তিনি বলেন, ‘ঈদ ঢাকাতেই করেছি, আমার স্ত্রী ও বাচ্চারা অনেকদিন ধরে বলছিল-এখানে আসতে, গতকাল যেহেতু সময় পাইনি, তাই আজ পরিবারসহ আসলাম।’
অন্যদিকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। অনেকেই ঈদের ছুটি কাটাতে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে এসেছেন। বিশেষ করে শিশুরা ঘুরে ঘুরে খাঁচাবন্দি প্রাণীগুলো দেখছেন।
প্রেক্ষাগৃহেও বিনোদনপ্রেমীদের ভিড় রয়েছে। বসুন্ধরা সিটির স্টার সিনপ্লেক্সে নিনেমাপ্রেমীদের উপচেপড়া ভিড়। টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন মানুষ।
এদিকে ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা। অনেকে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে গেছেন। এজন্য রাস্তা-ঘাট ফাঁকা। চিরচেনা যানজট না থাকায় সহজে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে পারছেন নগরবাসী।
ঈদের দ্বিতীয় দিনেও অনেকে রাজধানী ছাড়ছেন। গুলিস্তানে ঘরমুখী মানুষের এমন ঢল দেখা গেছে। যারা ঈদের আগে ফিরতে পারেননি এবং অনেকে কুরবানি শেষ করে গ্রামের বাড়িতে ছুটছেন।
