ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর স্কুলের সড়ক নির্মাণ শুরু

আপডেট : ১২ জুলাই ২০২২, ১৪:৪৭

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বল্লভদী গ্রামে বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়তের জন্য সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। 

গত ৩১ মে দৈনিক ইত্তেফাকে “স্কুলে যাতায়াতের রাস্তা নেই, দুর্ভোগে শিক্ষার্থীরা” এ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহম্মেদের নিজ উদ্যোগে ও স্থানীয়দের সহযোগিতায় বিলের মাঝে স্কুলের সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে।

জানা যায়, বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯৫ সালে রেজিস্টার স্কুল হিসেবে রানিমুহুরী-বড়িইয়াকুড়ি সড়কের পাশে স্থাপিত হয়। ২০১২ সালে স্কুলটিকে জাতীয়করণ করা হয়। বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ হয়ে পড়লে ২০১৭ সালে পাশের বিলের মাঝে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তৃতীয় প্রাথমিক শিক্ষা কর্মসূচি (পিইডিপি-৩) এর মাধ্যমে একটি দ্বিতল ভবন নির্মাণ করে স্কুলটি স্থানান্তর করা হয়। কিন্তু যাতায়াতের জন্য কোনো রাস্তা ছিল না। এ ছাড়াও, বিদ্যালয়ের চারদিকে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি না থাকায় অমানবিকভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।

এবিষযে মুরাদনগর উপজেলার জাহাপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহম্মেদ বলেন, ‘গত ৫ বছরে সড়ক নির্মাণ না হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদটি দেখেই শিক্ষার্থীদের জন্য মিষ্টি নিয়ে স্কুলটি পরিদর্শনে যাই এবং স্কুলটির নানা সমস্যার কথা শুনি। স্কুলটিতে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য স্থানীয়দের নিয়ে জরুরি ভিত্তিতে সড়কের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাকি সমস্যাগুলো নিরসনের কাজ অব্যাহত রয়েছে।’

ইত্তেফাক/মাহি