ফরিদপুরে আট বছরের শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত এক মাত্র আসামি আমিরুল মৃধা (৩০) এবং ঈদের দিন এক বৃদ্ধকে হত্যার অভিযোগে তাসিন ওরফে তাসকিন (২০) নামে এক জনকে গ্রেফতার করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ।
এ নিয়ে মঙ্গলবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এতে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গত ১৯ জুন আট বছরের শিশুকে ধর্ষণ করে আমিরুল মৃধা। রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়ি ফিরলে তাকে দ্রুত বিএসএমএমসি হাসপাতালে নেওয়া হয়। শিশুটির দুই দুই বার অস্ত্রোপচার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার আমিরুল পেশায় রাজমিস্ত্রির সহকারী। এছাড়াও সে কখনো কখনো রিকশা চালাত। সে বোয়ালমারী উপজেলার খরসুতি গ্রামের মৃত আনোয়ার মৃধার ছেলে। অপরদিকে ঈদের দিনে শহরের খাবাসপুর মোড়ে জয় বিজয় হোটেলের সামনে ধাক্কা লাগাকে কেন্দ্র করে তাসকিনের সঙ্গে হোটেল মালিক বিজয়ের কথা কাটাকাটি হয়। তাসকিন এ সময় চলে গেলেও কিছুক্ষণ পরে আবার ফিরে আসে। এ সময় বিজয়ের বাবা আইন উদ্দিন মোল্যা (৭৫) ঝামেলা মেটানোর জন্য তাসকিনের মাথায় হাত বুলিয়ে দেয়। তখন তাসকিন ছুড়ি বা রড জাতীয় কিছু দিয়ে আইন উদ্দিন মোল্যার বুকে আঘাত করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে জেনারেল হাসপাতালে ও পরে বিএসএমএমসি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
