আজ তানজিন তিশার ‘অবসর’

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৯:০২

প্রতি ঈদের মতো এবারের ঈদেও প্রায় সব চ্যানেলে প্রচারিত হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার নাটক। সেই তালিকায় থাকা ‘অবসর’ শিরোনামের একটি নাটক আজ রাত ১০টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে।

তুহিন হোসেনের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, একে আজাদ আদর, আব্দুল্লাহ রান, সঞ্জয় গোস্বামীসহ অনেকে।

নাটকটির গল্পে দেখা যাবে, রুখসানার সংসার তার সদ্য রিটায়ারমেন্টে যাওয়া বাবা, মা আর কলেজ-পড়ুয়া ছোটভাই তুষারকে নিয়ে। নিজের একটা ছোট সংসার করার স্বপ্ন সে দেখে বটে, তবে তা যেন অনেকদূরের একটা আবছায়া পাহাড়ের চূড়ার মতো। ছোট একটা বেসরকারি চাকরি করে রুখসানা। বস প্রায়ই তাকে উইকেন্ডে ডিনারে নিয়ে যেতে চায়, সাভারে নাকি কোনো ভালো রিসোর্ট আছে তার বন্ধুর। বাবা অবসরে যাওয়ার পর থেকে অসুখ-বিসুখ লেগেই আছে। আর এসবের পরেও গোদের ওপর বিষফোঁড়া হয়ে আছে বিপত্নিক বাড়িওয়ালা। সত্তরের ওপর বয়সের লোকটার চোখ চকচক করে ওঠে রুখসানাকে দেখলেই। এরপর ওই দূরের পাহাড়টার মতো আছে সাঈদ। সাঈদও একটা বেসরকারি অফিসে চাকরি করছে। কিন্তু এই সংসার রূপকথার গল্পের মতো সব বাধা পেরিয়ে সুখের সমাপ্তির দিকে যায় না। চেকআপ করাতে গিয়ে রুখসানার বাবার ক্যান্সার ধরা পড়ে।

ইত্তেফাক/এমআর