অভিষেকে একজন বোলারের জন্য দারুণ কিছু কী হতে পারে? ৫ উইকেট শিকার! অবশ্যই এটা বড় অর্জন। নাসুম আহমেদ অভিষেকের পর ওয়ানডেতে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছেন। কোনো ম্যাচেই পাঁচ উইকেট না পেলেও তার শুরুটা কোনোভাবেই কম নয়, এককথায় দুর্দান্ত। প্রথম ম্যাচে ৮ ওভারে ১৭ রান খরচ করে উইকেট শূন্য এবং দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট এবং ম্যাচসেরা। পাশাপাশি দলও দাপটের সঙ্গে জয় পেয়েছে। এর চেয়ে ভালো শুরু আর কী হতে পারে!
নাসুম যেন আসলেন, দেখলেন এবং জয় করলেন। অথচ টেস্ট এবং টি-টোয়েন্টিতে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই কি বাজেভাবেই না হেরেছে বাংলাদেশ। সেখান থেকে এমনভাবে ফিরে আসা! তাইতো গতকাল ম্যাচশেষে সংবাদ সম্মেলনে নাসুমের কাছে জানতে চাওয়া হয়, ওয়ানডে ফরম্যাট এলেই কীভাবে বদলে যায় বাংলাদেশ। জবাবে তিনি বললেন, ‘আমি এটার উত্তর দেবো না। আমার বুঝতে অনেক সময় লাগবে। মাত্র এসেছি (দলে)।’
টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অন্যতম সেরা বোলার নাসুম। ওয়ানডেতে এসেও একই ধারা বজায় রেখেছেন। এমন পারফরম্যান্সের রহস্য কী? এই স্পিনার বলেন, ‘আমার পরিকল্পনাই থাকে ডট বল করা। যেহেতু পাওয়ারপ্লেতে বোলিং করতে হয়, তাই রান আটকানোর প্লান থাকে। এতেই সফল। উইকেট পাওয়ায় ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। প্রথম ম্যাচে উইকেট না পাওয়ায় আক্ষেপ ছিল, সেটি চলে গেছে।’
