শ্রীলঙ্কায় বিক্ষোভে চুম্বনরত জুটির ছবি ভাইরাল

আপডেট : ১৪ জুলাই ২০২২, ২৩:৩৭

আর্থিক সংকটে জেরবার শ্রীলঙ্কা । দ্বীপরাষ্ট্র ছেড়ে পালিয়ে গিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে । কলম্বোর রাজপথে মানুষের ঢল। দখল হয়ে গিয়েছে রাষ্ট্রপতি ভবন। কাতারে কাতারে মানুষের বিক্ষোভের ছবি ছড়িয়ে পড়েছে নেটবিশ্বে। কিন্তু তার মধ্যেই সকলের নজর কেড়েছে একটি ছবি। 

মানুষের ভিড়ের মাঝেই এক জুটির চুম্বনের ছবি দেখে চমকে উঠেছেন সকলেই। যা মনে করিয়ে দিচ্ছে সেই বিখ্যাত গানের পঙক্তি ‘বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই।’ অথবা ‘ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড’ গড়ার সেই বিখ্যাত আহ্বান।

এদিকে গোতাবায়ার দেশ ছাড়ার পরই উত্তেজনা চরমে পৌঁছয় শ্রীলঙ্কায়। রাজপথে নেমে আসেন বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭ ঘণ্টার কারফিউ জারি হয়েছে কলম্বোয়। এই কঠিন পরিস্থিতিতে ওই জুটিকে দেখা গেল চুম্বনরত অবস্থায়। হাজার হাজার মানুষের বিক্ষোভের সামনেই তাদের প্রেমে মগ্ন ভঙ্গি দেখে নানা কথা বলছেন নেটিজেনরা। কেউ কেউ তাদের কটাক্ষ করেছেন। আবার অনেকেই বিদ্রোহের আবহে প্রেমের এমন স্বতঃস্ফূর্ত প্রকাশের তারিফ করেছেন।

গত সপ্তাহের শেষে রাষ্ট্রপতি ভবনের দখল নেয় সাধারণ মানুষ। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে তা আগেই আচ করেছিলেন গোতাবায়া। তাই আগেভাগেই রাজপ্রাসাদ ছাড়েন তিনি। অবশেষে মঙ্গলবার রাতে সেনা বিমানে দেশ ছাড়েন গোতাবায়া। সঙ্গে ছিলেন তার পরিবারের পাঁচ সদস্য। 

ইত্তেফাক/এএইচপি